চাঁপাইনবাবগঞ্জে গৌরী চন্দ সিতুর স্মরণসভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্ত্ব গৌরী চন্দ সিতুর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা স্কাউটস ভবনে শনিবার বিকেলে যৌথভাবে এ সভার আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা ও নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’।
জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, উত্তরায়ণ সাংস্কৃতিক পরিষদের পরিচালক মো. আলাউদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা ও জাগো নারী বহ্নিশিখার উপদেষ্টা শফিকুল আলম, বাংলাদেশে কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি ইসরাইল সেন্টু, আইনজীবী আবু হাসিব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ডাবলু কুমার ঘোষ, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোখসানা আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব আশরাফুল আম্বিয়া, বহ্নিশিখার সদস্য ছবি রানী সাহা, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, ম্যাগাজিন সম্পাদক নাহিদুল হক, গৌরী চন্দ সিতুর পুত্রবধু শতাব্দী মন্ডল প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগো নারী বহ্নিশিখার সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন।
বক্তারা বলেন, এই শহরে গৌরী চন্দ সিতু একজনই। তাঁর শুন্যতা পূরণ হবার নয়। তিনি একধারে ক্রীড়া, সমাজসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অন্যতম জনপ্রিয়তম একজন সংগঠক ছিলেন। তিনি জন্মলগ্ন থেকে প্রথম আলো বন্ধুসভা, জাগো নারী বহ্নিশিখা, সচেতন নাগরিক কমিটি-সনাক, কল্যাণী মহিলা সংসদ, মহনন্দা প্রবীন নিবাসসহ অনেক সংগঠনেই নিবেদিত একজন মানুষ ছিলেন যেমন, তেমনি একজন সাহসী নারীও ছিলেন। নারী নির্যাতনসহ নানা অন্যায়ের প্রতিবাদে বন্ধুসভা, জাগো নারী বহ্নিশিখাসহ বিভিন্ন সংগঠন আয়োজিত সকল কর্মসুচিতে তাঁকে দেখা যেত। তিনি একজন অনুসরণযোগ্য একজন মানবিক ও অসাম্প্রদায়িক মানুষ ছিলেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































